Conflict Zone - Other Conflicts Region

ল্যাটিন আমেরিকার ধাক্কা: মাদুরো গ্রেফতার সংকট এবং বৈশ্বিক বৈধতার পতন

ঘটনাটির সূচনা হয় যখন যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী গোপন অভিযানের মাধ্যমে কারাকাস থেকে মাদুরোকে আটক করে। একটি সার্বভৌম রাষ্ট্রের ক্ষমতাসীন নেতাকে অন্য একটি রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী সরাসরি তুলে নিয়ে যাওয়া; এটি আধুনিক আন্তর্জাতিক ব্যবস্থার জন্য এক ব্যতিক্রমী ও বিতর্কিত ঘটনা। এই পদক্ষেপকে যুক্তরাষ্ট্র “ন্যায়বিচারের প্রয়াস” হিসেবে তুলে ধরলেও সমালোচকরা এটিকে সরাসরি আন্তর্জাতিক আইন লঙ্ঘন হিসেবে দেখছেন। এই দ্বৈত প্রতিক্রিয়া থেকেই বোঝা যায়, বর্তমান বিশ্বে বৈধতা আর এককভাবে সংজ্ঞায়িত নয়; বরং এটি শক্তি, স্বার্থ এবং প্রভাবের ওপর নির্ভরশীল হয়ে উঠছে।

লেখক Hosnain R. Sunny
সময় ২৩/০৪/২৬ ১৪:০২:২৭
Facebook LinkedIn X (Twitter) WhatsApp Share
সারাংশ

ঘটনাটির সূচনা হয় যখন যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী গোপন অভিযানের মাধ্যমে কারাকাস থেকে মাদুরোকে আটক করে। একটি সার্বভৌম রাষ্ট্রের ক্ষমতাসীন নেতাকে অন্য একটি রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী সরাসরি তুলে নিয়ে যাওয়া; এটি আধুনিক আন্তর্জাতিক ব্যবস্থার জন্য এক ব্যতিক্রমী ও বিতর্কিত ঘটনা। এই পদক্ষেপকে যুক্তরাষ্ট্র “ন্যায়বিচারের প্রয়াস” হিসেবে তুলে ধরলেও সমালোচকরা এটিকে সরাসরি আন্তর্জাতিক আইন লঙ্ঘন হিসেবে দেখছেন। এই দ্বৈত প্রতিক্রিয়া থেকেই বোঝা যায়, বর্তমান বিশ্বে বৈধতা আর এককভাবে সংজ্ঞায়িত নয়; বরং এটি শক্তি, স্বার্থ এবং প্রভাবের ওপর নির্ভরশীল হয়ে উঠছে।

২০২৬ সালের শুরুতে ল্যাটিন আমেরিকার রাজনীতিতে এমন এক নাটকীয় পরিবর্তন ঘটে যা শুধু আঞ্চলিক নয় বরং বৈশ্বিক ক্ষমতার কাঠামোকেও নাড়িয়ে দেয়। ভেনেজুয়েলার দীর্ঘদিনের ক্ষমতাসীন নেতা নিকোলাস মাদুরো এর গ্রেফতার এবং তাকে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার ঘটনাটি আন্তর্জাতিক রাজনীতিতে এক নতুন দৃষ্টান্ত তৈরি করেছে। এটি কেবল একটি শাসকের পতনের গল্প নয়; বরং রাষ্ট্রসত্তা, সার্বভৌমত্ব, আন্তর্জাতিক আইন এবং বৈধতার ধারণাকে নতুন করে প্রশ্নবিদ্ধ করার এক বাস্তব উদাহরণ।


ঘটনাটির সূচনা হয় যখন যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী গোপন অভিযানের মাধ্যমে কারাকাস থেকে মাদুরোকে আটক করে। একটি সার্বভৌম রাষ্ট্রের ক্ষমতাসীন নেতাকে অন্য একটি রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী সরাসরি তুলে নিয়ে যাওয়া সম্পূর্ণভাবে আধুনিক আন্তর্জাতিক ব্যবস্থার জন্য এক ব্যতিক্রমী ও বিতর্কিত ঘটনা। এই পদক্ষেপকে যুক্তরাষ্ট্র “ন্যায়বিচারের প্রয়াস” হিসেবে তুলে ধরলেও সমালোচকরা এটিকে সরাসরি আন্তর্জাতিক আইন লঙ্ঘন হিসেবে দেখছেন। এই দ্বৈত প্রতিক্রিয়া থেকেই বোঝা যায়, বর্তমান বিশ্বে বৈধতা আর এককভাবে সংজ্ঞায়িত নয়; বরং এটি শক্তি, স্বার্থ এবং প্রভাবের ওপর নির্ভরশীল হয়ে উঠছে।


আন্তর্জাতিক আইনের দৃষ্টিকোণ থেকে এই ঘটনা একটি গভীর সংকটের ইঙ্গিত দেয়। জাতিসংঘ সনদের মূল ভিত্তি হলো রাষ্ট্রের সার্বভৌমত্ব ও অভ্যন্তরীণ বিষয়ে অ-হস্তক্ষেপের নীতি। কিন্তু মাদুরোর গ্রেফতার সেই নীতিকে কার্যত অকার্যকর করে মার্কিন যুক্তরাষ্ট্র সারা বিশ্বের সকল আন্তর্জাতিক আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়েছে। প্রশ্ন উঠছে—যদি একটি শক্তিশালী রাষ্ট্র ইচ্ছামতো অন্য দেশের নেতাকে অপসারণ করতে পারে, তবে ছোট ও দুর্বল রাষ্ট্রগুলোর নিরাপত্তা কোথায়? এই বাস্তবতা আন্তর্জাতিক ব্যবস্থাকে এক ধরনের “Power-Based Order” এর দিকে ঠেলে দিচ্ছে, যেখানে আইনের চেয়ে শক্তিই বেশি প্রভাবশালী।


তবে ঘটনাটিকে একমাত্রিকভাবে দেখা যাবে না। ভেনেজুয়েলার অভ্যন্তরীণ বাস্তবতা দীর্ঘদিন ধরেই অস্থির ছিল। অর্থনৈতিক বিপর্যয়, মুদ্রাস্ফীতি, খাদ্য ও ওষুধের সংকট এবং রাজনৈতিক দমন-পীড়ন সব মিলিয়ে দেশটি কার্যত একটি মানবিক সংকটে পরিণত হয়েছিল। এই প্রেক্ষাপটে অনেক ভেনেজুয়েলান মাদুরোর গ্রেফতারকে মুক্তির সম্ভাবনা হিসেবে দেখছেন। তাদের কাছে এটি কোনো বিদেশি আগ্রাসন নয় বরং দীর্ঘদিনের নিপীড়নের অবসানের সূচনা। কিন্তু এখানেই দ্বিধা! একটি স্বৈরশাসকের পতন কি সবসময় ন্যায়বিচার নিশ্চিত করে, নাকি এটি নতুন অস্থিতিশীলতার দরজা খুলে দেয়?


এই ঘটনার ফলে আন্তর্জাতিক বৈধতার ধারণা আরও জটিল হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে নিজেকে গণতন্ত্রের রক্ষক হিসেবে প্রতিষ্ঠা করতে চেয়েছে। কিন্তু এই অভিযানের মাধ্যমে সেই নৈতিক অবস্থান প্রশ্নের মুখে পড়েছে। একদিকে তারা মানবাধিকার ও গণতন্ত্রের পক্ষে কথা বলে, অন্যদিকে আন্তর্জাতিক আইন উপেক্ষা করে সরাসরি সামরিক পদক্ষেপ গ্রহণ করে। এই দ্বৈততা আন্তর্জাতিক অঙ্গনে তাদের বিশ্বাসযোগ্যতাকে ক্ষতিগ্রস্ত করছে। একই সঙ্গে জাতিসংঘসহ আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর নিষ্ক্রিয়তা এই সংকটকে আরও প্রকট করেছে। কার্যকর কোনো প্রতিক্রিয়া না থাকায় স্পষ্ট হয়েছে যে, বৈশ্বিক শাসন কাঠামো এখনো বড় শক্তিগুলোর প্রভাব থেকে মুক্ত নয়।


ল্যাটিন আমেরিকার আঞ্চলিক রাজনীতির ক্ষেত্রেও এই ঘটনা একটি বড় ব্যর্থতার প্রতীক। ব্রাজিল, মেক্সিকো বা কলম্বিয়ার মতো আঞ্চলিক শক্তিগুলো একত্রে কোনো সমন্বিত অবস্থান নিতে পারেনি। ফলে বহিরাগত শক্তির হস্তক্ষেপ সহজ হয়ে গেছে। এই বাস্তবতা প্রমাণ করে যে, আঞ্চলিক ঐক্যের অভাব কেবল রাজনৈতিক দুর্বলতা নয় বরং এটি বহিরাগত আধিপত্যের সুযোগ সৃষ্টি করে। ভবিষ্যতে ল্যাটিন আমেরিকার দেশগুলো যদি নিজেদের সংকট নিজেরা সমাধান করতে ব্যর্থ হয়, তবে এই অঞ্চলে বহিরাগত প্রভাব আরও বাড়বে যা দীর্ঘমেয়াদে স্বাধীন নীতিনির্ধারণকে সীমিত করে দিতে পারে।


অর্থনৈতিক দিক থেকেও পরিস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভেনেজুয়েলা বিশ্বের অন্যতম বৃহৎ তেলসমৃদ্ধ দেশ হওয়া সত্ত্বেও দীর্ঘদিন ধরে অর্থনৈতিক বিপর্যয়ে ভুগছে। মাদুরোর পতনের পর আন্তর্জাতিক বিনিয়োগকারীদের মধ্যে নতুন আগ্রহ দেখা যাচ্ছে যা একটি সম্ভাবনার ইঙ্গিত দেয়। তবে এই সম্ভাবনা অত্যন্ত ভঙ্গুর। রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া অর্থনৈতিক পুনর্গঠন সম্ভব নয়। ঋণ পুনর্গঠন, মুদ্রা স্থিতিশীলতা এবং উৎপাদন পুনরুদ্ধার। সবকিছুই নির্ভর করছে নতুন সরকারের নীতির ওপর। ফলে এটি একদিকে সুযোগ, অন্যদিকে বড় ধরনের ঝুঁকি।


মানবিক দিক থেকে পরিস্থিতি আরও জটিল। গত এক দশকে লক্ষ লক্ষ মানুষ ভেনেজুয়েলা ছেড়ে পালিয়েছে, যা পুরো অঞ্চলে একটি শরণার্থী সংকট সৃষ্টি করেছে। মাদুরোর গ্রেফতার এই সংকটের তাৎক্ষণিক সমাধান আনতে পারেনি। বরং রাজনৈতিক অনিশ্চয়তা এবং ক্ষমতার পুনর্বিন্যাস নতুন ধরনের অস্থিরতা তৈরি করছে। সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা, প্রশাসনিক দুর্বলতা এবং সামাজিক বিভাজন। সব মিলিয়ে পরিস্থিতি এখনও অনিশ্চিত। এর ফলে সাধারণ মানুষের জীবনে স্থিতিশীলতা ফিরিয়ে আনা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।


বর্তমানে ভেনেজুয়েলায় নতুন ক্ষমতার কাঠামো গড়ে উঠছে যেখানে অন্তর্বর্তী নেতৃত্ব ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা করছে। ইতিহাস বলে, স্বৈরাচারের পতন সবসময় গণতন্ত্রের সূচনা নয়; অনেক সময় এটি নতুন ধরনের কর্তৃত্ববাদী শাসনের জন্ম দেয়। ভেনেজুয়েলার ক্ষেত্রেও সেই ঝুঁকি উড়িয়ে দেওয়া যায় না। যদি রাজনৈতিক অন্তর্ভুক্তি, স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত না হয়, তবে এই পরিবর্তন দীর্ঘস্থায়ী স্থিতিশীলতা আনতে ব্যর্থ হতে পারে।


বৈশ্বিক প্রেক্ষাপটে এই ঘটনাটি একটি বিপজ্জনক নজির স্থাপন করেছে। এটি দেখিয়ে দিয়েছে যে, “Regime Change” এখন আর শুধু কূটনৈতিক বা অর্থনৈতিক চাপের মাধ্যমে নয় বরং সরাসরি সামরিক পদক্ষেপের মাধ্যমেও ঘটানো সম্ভব। এর ফলে ছোট ও মাঝারি শক্তির দেশগুলো নিজেদের নিরাপত্তা নিয়ে আরও উদ্বিগ্ন হয়ে পড়বে। একই সঙ্গে চীন ও রাশিয়ার মতো শক্তিগুলো এই ঘটনাকে নিজেদের নিরাপত্তা কৌশলের অংশ হিসেবে বিবেচনা করবে যা ভবিষ্যতে বৈশ্বিক প্রতিযোগিতাকে আরও তীব্র করে তুলতে পারে।


এই গ্রেফতার কোনো একক ঘটনা নয়; এটি একটি বৃহত্তর প্রবণতার প্রতিফলন। আন্তর্জাতিক আইন, সার্বভৌমত্ব এবং বৈধতার ধারণা এখন একটি রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। শক্তির ভারসাম্য বদলাচ্ছে এবং সেই সঙ্গে বদলাচ্ছে নিয়মের ব্যাখ্যা। এই পরিবর্তনের ফলাফল কী হবে তা এখনো অনিশ্চিত। তবে একটি বিষয় স্পষ্ট আর তা হলো বিশ্ব রাজনীতি এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে পুরোনো নিয়ম আর আগের মতো কার্যকর নয় এবং নতুন নিয়ম এখনো সম্পূর্ণভাবে প্রতিষ্ঠিত হয়নি। এই মধ্যবর্তী সময়টাই সবচেয়ে বিপজ্জনক কারণ এখানেই অনিশ্চয়তা, সংঘাত এবং পুনর্গঠনের সম্ভাবনা একসঙ্গে বিদ্যমান।


এখানে বিখ্যাত কম্যুনিস্ট নেতা এন্টোনিও গ্রামসির কথা বলতেই হয়। তিনি বলেছিলেন '' The Old World is dying and the new world struggles to be born: now is the time of monsters.''

লেখক
Hosnain R. Sunny Graduated from The London School of Economics and Social Sciences (LSE) in Politics and Economics and a Professional Accountant with more than Twelve (12) Years of Industry Experience including Ernst and Young, Grant Thornton etc. He is the Managing Editor of Country's first Philosophical and Political Economy Magazine ''The Papyrus''. Dhaka, Bangladesh

Comments